ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘নজরুল পদক ২০২৫’-এ ভূষিত ওস্তাদ ইয়াকুব আলী খান

বাংলাদেশের নজরুল সংগীতের অন্যতম শ্রদ্ধাভাজন শিল্পী ও গবেষক ওস্তাদ ইয়াকুব আলী খানকে ‘নজরুল পদক ২০২৫’-এ ভূষিত করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। নজরুল সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।


গত ২৫ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে ওস্তাদ ইয়াকুব আলী খানের হাতে আনুষ্ঠানিকভাবে পদক, সম্মাননাপত্র এবং ৪৫ হাজার টাকার সম্মানী তুলে দেওয়া হয়।সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, “ঢাকার বাইরে সাধারণত কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে খুব একটা যাওয়া হয়নি। কিন্তু নজরুল বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত হয়ে সত্যিই মুগ্ধ হয়েছি। এত গোছানো, পরিপাটি এবং শ্রদ্ধাপূর্ণ আয়োজন আমি খুব কমই দেখেছি। আমার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি কৃতজ্ঞ ও আবেগভরে আপ্লুত।”


তিনি আরও বলেন, “বিশেষভাবে ভালো লেগেছে আমার একমাত্র মেয়ে প্রাপ্তির স্বামীর মুগ্ধতা দেখে। পেশায় তিনি ডাক্তার, আমাদের এমন কোনো আয়োজনে তার আগে যাওয়ার সুযোগ হয়নি। অনুষ্ঠানের সার্বিক পরিবেশে তিনিও মুগ্ধ হয়েছেন। এ যেন আমাদের পরিবারের জন্যও এক বিশেষ আনন্দের মুহূর্ত।”


একজন নজরুল সংগীতশিল্পী হিসেবে এই পদক পাওয়া তার কাছে গর্বের বিষয় উল্লেখ করে ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, “আমরা যেন শুধুই ‘জাতীয় কবি নজরুল’ বলে থেমে না যাই, তার আদর্শ, গান ও চেতনার প্রতি আমাদের নিবেদিত থাকা উচিত। আমি যতদিন সুস্থ থাকব, ততদিন নজরুলের গান ও ভাবনার প্রতি নিজেকে উৎসর্গ করে যাব।”


সঙ্গীতজগতে ওস্তাদ ইয়াকুব আলী খানের দীর্ঘ পথচলা শুরু হয়েছিল ১৯৭৯ সালে, ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত ‘আশরাফ স্মৃতি স্বর্ণপদক’ প্রতিযোগিতায় প্রথম হয়ে। সেই প্রতিযোগিতাই তার নজরুল সংগীতের প্রতি ভালোবাসাকে আরও দৃঢ় করে তোলে। পরে ২০০০ সালে চট্টগ্রাম মুসলিম হলে উচ্চাঙ্গসংগীত সম্মেলনে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দেশ-বিদেশের ওস্তাদদের সামনে তিনি ‘ওস্তাদ’ উপাধিতে ভূষিত হন।


তার ছেলে ইউসুফ আহমেদ খান বর্তমানে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। ছোট ছেলে ইমতিয়াজও সংগীতে সক্রিয়।

ads
ads
ads

Our Facebook Page

↑